চিত্রনায়িকা শবনম বুবলী অভিনেতা শাকিব খান–এর সঙ্গে তার সম্পর্কের বর্তমান অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, তাদের মধ্যে এখনো আনুষ্ঠানিক বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি। ফলে নতুন করে তার বিয়ের কোনো প্রশ্নই ওঠে না।
ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে ‘Behind the Fame with RRK’ পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বুবলী এ কথা বলেন। অনুষ্ঠানে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে তিনি শুরুতেই পরিষ্কার করেন যে, তার বৈবাহিক অবস্থায় কোনো ডিভোর্স হয়নি, তাই নতুন বিয়ের আলোচনা অপ্রাসঙ্গিক।
শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার খবর প্রসঙ্গে বুবলী বলেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তবে নিজের ম্যারিটাল স্ট্যাটাস ব্যাখ্যা করতে গিয়ে তিনি উল্লেখ করেন, একজন মানুষ বিবাহিত, ডিভোর্সড, সেপারেটেড কিংবা বিধবা—এই পরিচয়গুলোর মধ্যেই থাকেন, এখানে ‘অতীত’ বলে আলাদা কোনো অবস্থা নেই।
সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে বুবলী জানান, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অভিমান হতে পারে, আবার সময়ের সঙ্গে তা ঠিকও হয়ে যায়। তিনি জোর দিয়ে বলেন, বিষয়টি নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি থাকায় তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন—তাদের কখনো ডিভোর্স হয়নি।
পডকাস্টে বুবলী তার ব্যক্তিজীবনের নানা দিক, প্রথম প্রেম এবং মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জন নিয়েও খোলামেলা কথা বলেন।
