শোবিজ অঙ্গনে সাময়িক বিরতির হিড়িকের মধ্যে এবার অভিনয় থেকে বিরতির ঘোষণা দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, জীবনের এই পর্যায়ে কিছুটা থামা তার প্রয়োজন।
মাহি ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে বিরতি দরকার হয়—এইবার সেই সময়টাই নিচ্ছি।’ তবে তিনি স্পষ্ট করেছেন এটি স্থায়ী বিদায় নয়। ‘প্রিয় ভক্তরা, এই বিরতিটাই নিচ্ছি। মনটা একটু ভারী, কারণ কাজ আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ।’
ভক্তদের বুঝিয়ে দিয়েছেন যেন কেউ এটিকে বিদায়ের মতো ভাববেন না। মাহি আশা প্রকাশ করেছেন, শিগগিরই আবার কাজে ফিরবেন। যদিও হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ তিনি বিস্তারিতভাবে বলেননি, পোস্টে মন্তব্যে ভক্তরা তাকে শুভকামনা জানিয়েছেন। অনেকে ধারণা করছেন, মানসিক প্রশান্তি এবং কাজের চাপ কমানোর জন্য এই বিরতি।
বিরতির ঘোষণার পরই মাহি যুক্তরাষ্ট্রগামী একটি ফ্লাইটে উঠেছেন। সেখানে তার বোনের সঙ্গে কিছুদিন সময় কাটানোর পরিকল্পনা রয়েছে।
