দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণী তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা নিজেদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রকাশ্যে এলেন। রবিবার রাতে সামাজিক মাধ্যমে জানিয়ে দিলেন, তারা সত্যিই বিয়ের পথে হাঁটছেন। ভক্তদের দেওয়া জনপ্রিয় নাম ‘বিরোশ’ দিয়েই নিজেদের জুটি হিসেবে ঘোষণা করেছেন তারা।
জানা গেছে, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ে হওয়ার কথা। এতদিন নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি তারা, এবার নিজেই সেই গুঞ্জনে সিলমোহর দিয়েছেন। অনুরাগীদের উদ্দেশে আবেগঘন বার্তায় লিখেছেন, “আমরা কিছু পরিকল্পনা করার আগেই তোমরা সবসময় আমাদের পাশে ছিলে। তোমরাই আমাদের নাম দিয়েছিলে ‘বিরোশ’। তাই নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তও ভক্তদের উৎসর্গ করছি।”
বিয়ের জন্য নির্দিষ্ট দিন, স্থান বা আনুষ্ঠানিক আয়োজনের বিস্তারিত এখনও প্রকাশিত হয়নি। গুঞ্জন রয়েছে, বিয়েতে ক্যামেরা নিষিদ্ধ থাকতে পারে। পাশাপাশি ৪ মার্চ হায়দরাবাদে প্রীতিভোজ হওয়ার কথা শোনা যাচ্ছে, যদিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আমন্ত্রণপত্রের সত্যতা এখনও নিশ্চিত নয়।
উল্লেখ্য, ২০১৭ সালে গীত গোবিন্দম ছবির সেটেই প্রথম দেখা হয় বিজয় ও রাশমিকার। পরে ডিয়ার কমরেডে একসাথে কাজ করার পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। গত বছরের ৩ অক্টোবর বাগদানের খবর ছড়িয়েছিল। এবার সেই সম্পর্ক আনুষ্ঠানিক পরিণতি পাচ্ছে।
