ছাত্র-জনতার আন্দোলনের সময় দায়ের হওয়া চারটি হত্যা মামলাসহ মোট পাঁচ মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় চারটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলাসহ মোট ছয়টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।
এর আগে গত বছরের নভেম্বরে পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন আইভী। তবে আপিল বিভাগে সেই জামিন স্থগিত হয়। পরে নতুন করে তাকে পাঁচ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।
উল্লেখ্য, ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরবর্তীতে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে জয়ী হন তিনি।
