খেজুরের প্যাকেটে মিলল প্রায় ৭ হাজার পিস ইয়াবা, গ্রেপ্তার ১

খেজুরের প্যাকেটে মিলল প্রায় ৭ হাজার পিস ইয়াবা, গ্রেপ্তার ১

বাংলাদেশ

বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে খেজুর সদৃশ প্যাকেটে লুকানো ৬ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ শ্রী শংকর চন্দ্র রায় (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রবিবার (১ মার্চ) ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের ভরিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার শংকর চন্দ্র রায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের শিংজানি গ্রামের বাসিন্দা।

ডিএনসি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর রাত পৌনে একটার দিকে ভরিয়া এলাকায় মহাসড়কে অবস্থান নেয় অধিদপ্তরের একটি দল। এ সময় রংপুর থেকে ঢাকাগামী আদিবা ক্লাসিক পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় শংকর চন্দ্র রায়ের আচরণ সন্দেহজনক মনে হলে তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগ পরীক্ষা করা হয়। একটি সাদা প্লাস্টিকের বাজার ব্যাগের ভেতর লেবেলবিহীন খালি পানির বোতলের নিচে বিশেষভাবে রাখা তিনটি জিপারযুক্ত পলি প্যাকেট পাওয়া যায়।

প্যাকেটগুলো খুরমা খেজুরের প্যাকেটের আদলে স্কচ টেপ দিয়ে মোড়ানো ছিল। সেগুলো খুলে গণনা করে মোট ৬ হাজার ৯৫০ পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

জিললুল রহমান জানান, বড় একটি চালান পাচারের তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। এই চক্রের মূল হোতাদের শনাক্তে কাজ চলছে এবং মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।