স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাপানের সহযোগিতায় বাংলাদেশে পুলিশ সংস্কার ও পুনর্গঠন চেয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে সাক্ষাৎকালে এ বিষয়টি জানানো হয়। বৈঠকে দুই দেশের মধ্যে আইন-শৃঙ্খলা, নিরাপত্তা, পুলিশ পুনর্গঠন, ট্রাফিক নিয়ন্ত্রণ, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও অন্যতম বড় উন্নয়ন অংশীদার।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) মাধ্যমে বাংলাদেশে মেট্রো রেল ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনালসহ বিভিন্ন বড় প্রকল্পে বিনিয়োগ করেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপান সহযোগিতা করতে পারে এবং এ জন্য কয়েকটি প্রস্তাব প্রদান করা হবে।
রাষ্ট্রদূত এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক সেফটি প্রকল্পে জাপানের সহযোগিতার কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া চলতি বছর হলি আর্টিজান হামলার ১০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে অবস্থানরত জাপানি নাগরিকদের নিরাপত্তা বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ করেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্ম সচিব রেবেকা খান, জাপান দূতাবাসের প্রথম সচিব (পলিটিক্যাল) কোমিন কেন, প্রথম সচিব (ইকোনমিক) মচিদা ইউতারো প্রমুখ উপস্থিত ছিলেন।
