পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে ঈদের ছুটি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে।
বার্ষিক ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছরের ঈদুল ফিতরে মোট ৫ দিন সরকারি ছুটি নির্ধারিত আছে। মূলত ঈদের সময় ঘরমুখো মানুষদের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার ছুটি বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে।
সরকারিভাবে ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে চার দিন ছুটি থাকবে। ফলে মোট সরকারি ছুটি ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত থাকবে।
এর আগে ১৭ মার্চ শবে কদর উপলক্ষে ছুটি রয়েছে। সম্ভাব্য সাধারণ ছুটি ১৮ মার্চ যুক্ত হলে শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে টানা সাত দিন ছুটি হতে পারে।
সরকারি ছুটি বাড়ানো হলে দেশের মানুষকে ঘরমুখো যাত্রা ও ঈদ উদযাপনে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।
