নারীরা শারীরিকভাবে দুর্বল হলেও মানসিকভাবে দৃঢ় : কিম জং উন

নারীরা শারীরিকভাবে দুর্বল হলেও মানসিকভাবে দৃঢ় : কিম জং উন

আইন-আদালত

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশটির নারীদের প্রশংসা করে বলেছেন, নারীরা শারীরিকভাবে দুর্বল হলেও মানসিকভাবে অত্যন্ত দৃঢ়। দেশ গঠনে তাদের অবদানকে তিনি ‘বিপ্লবের দৃঢ় ভিত্তি’ হিসেবে উল্লেখ করেন।

সোমবার (৯ মার্চ) পিয়ংইয়ংয়ে আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে।

কিম জং উন বলেন, উত্তর কোরিয়ার নারীদের সাদামাটা মুখে সাহসের ছাপ এবং শরীরের বলিরেখা তাদের কঠোর পরিশ্রমের প্রমাণ বহন করে। তিনি আরও বলেন, এই নারীরাই আধুনিক বিপ্লবের মূল শক্তি।

অনুষ্ঠানে কিম জং উনের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী রি সোল জু এবং মেয়ে কিম জু-এ। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে মেয়ের নাম উল্লেখ না করে তাকে ‘প্রিয় কন্যা’ হিসেবে উল্লেখ করা হয়। বিশ্লেষকদের মতে, বিভিন্ন রাষ্ট্রীয় ও সামরিক অনুষ্ঠানে কিমের মেয়ের উপস্থিতি বাড়ায় তাকে ভবিষ্যতের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে।

অনুষ্ঠানে উত্তর কোরিয়ার উচ্চপদস্থ দলীয় কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরাও উপস্থিত ছিলেন। কিম জং উনের বক্তৃতার পর সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।