যুক্তরাষ্ট্র বাংলাদেশ, ভারত ও চীনসহ কয়েকটি দেশের বিরুদ্ধে নতুন বাণিজ্য তদন্ত শুরু করেছে। এটি করা হলো গত মাসে সুপ্রিম কোর্টের রায়ের পর, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বাতিল করা হয়েছিল।
এই তদন্তের আওতায় ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড ও নরওয়েও রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার কানাডা এই তালিকায় নেই।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, সেকশন ৩০১-এর অধীনে অন্যায্য বাণিজ্য চর্চা সম্পর্কিত এই তদন্তের ভিত্তিতে চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোর মতো দেশের ওপর নতুন শুল্ক আরোপ করা হতে পারে। যদি কোনো দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য চর্চার প্রমাণ পাওয়া যায়, তাহলে সেই দেশের পণ্যের ওপর আমদানি শুল্ক আরোপ করা হবে।
ফেব্রুয়ারিতে ট্রাম্প অস্থায়ীভাবে যে শুল্ক আরোপ করেছিলেন, তা জুলাই পর্যন্ত বলবৎ থাকবে। গ্রিয়ার আশা করছেন, তদন্ত শেষ হওয়ার আগেই এই শুল্ক সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়া হবে।
গত বছর এপ্রিল মাসে ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিলেন। পরে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দেয়, যে এই শুল্ক আরোপ করা বৈধ নয়। আদালতের রায়ের পর ট্রাম্প নতুন করে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা দেন।
সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন প্রেসিডেন্টকে শুল্ক আরোপের একতরফা ক্ষমতা দেয় না। সংবিধান অনুযায়ী, এই ধরনের ক্ষমতা কংগ্রেসের হাতে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, প্রেসিডেন্টকে শুল্ক আরোপের মতো অসাধারণ ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কংগ্রেসের স্পষ্ট অনুমোদন প্রয়োজন।
বাংলাদেশসহ অন্যান্য দেশগুলো ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে, যেখানে শুল্কের হার কমানো এবং অন্যান্য বাণিজ্য শর্ত অন্তর্ভুক্ত ছিল। তবে সুপ্রিম কোর্টের রায়ের পর এই চুক্তিগুলোর ভবিষ্যৎ অনিশ্চয় হয়ে উঠেছে। হোয়াইট হাউজ জানিয়েছে, চুক্তিগুলো বাতিল হচ্ছে না, তাই শর্তগুলো মানা হবে।
এদিকে, এই সপ্তাহের শেষে প্যারিসে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি মার্চের শেষে বেইজিংয়ে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সম্ভাব্য বৈঠকের ভিত্তি তৈরি করতে পারে।
