প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (১৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দের মাসিক সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন। এটি সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এই পাইলট প্রকল্পের মাধ্যমে প্রাথমিকভাবে দেশের হাজার হাজার ধর্মীয় সেবককে মাসিক ভাতার আওতায় আনা হয়েছে। এই উদ্যোগের ফলে ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের জীবনমান উন্নয়ন ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে:
-
৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম
-
৯৯০টি মন্দিরের পুরোহিত ও সেবাইত
-
১৪৪টি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ
-
৩৯৬টি গির্জার যাজকসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি
প্রকল্পের আর্থিক রূপে প্রতিটি মসজিদের জন্য মাসিক ১০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা। হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের জন্য প্রতি মাসে ৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মন্দিরের পুরোহিত ৫ হাজার ও সেবাইত ৩ হাজার টাকা পাবেন। বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ৫ হাজার ও উপাধ্যক্ষ ৩ হাজার টাকা এবং খ্রিস্টান চার্চের যাজক ৫ হাজার ও সহকারী যাজক ৩ হাজার টাকা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের পদস্থ কর্মকর্তা ও বিভিন্ন ধর্মের শীর্ষস্থানীয় প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
