দেশজুড়ে হামের প্রকোপ বাড়তে থাকায় আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ চার জেলায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ২ জন এবং কক্সবাজারে ২ জন শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
রোগের বিস্তার বাড়ায় অভিভাবকদের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে। এ পরিস্থিতিতে সরকার আগামী ২৯ মার্চ থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হচ্ছে।
চিকিৎসকরা বলছেন, সময়মতো টিকা না পাওয়ার কারণেই শিশুদের মধ্যে আক্রান্তের হার বেশি। টিকা নেওয়ার ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, ফলে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে যায়।
শিশু বিশেষজ্ঞদের মতে, নির্ধারিত সময়ে টিকা না দিলে হাম থেকে নিউমোনিয়াসহ জটিল রোগের ঝুঁকি বাড়ে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, হামের উপসর্গ নিয়ে ঢাকাসহ দেশের ৮ বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে নমুনা পরীক্ষায় ৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
