ইসরায়েলের কাছে সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে ইরান। দেশটির তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোর অবস্থানসংক্রান্ত তথ্য ইসরায়েলের কাছে পাঠিয়েছিল। পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রসিকিউটর দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, জায়নিস্ট শাসনের সঙ্গে যুক্ত কয়েকটি ভাড়াটে নেটওয়ার্ককে শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব নেটওয়ার্ক ইরানের সামরিক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন নিরাপত্তা স্থাপনার অবস্থানসহ গুরুত্বপূর্ণ তথ্য ইসরায়েলের কাছে পাঠাচ্ছিল।
বিচারিক আদেশের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
