ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম জানিয়েছেন, ঈদুল ফিতরের জন্য জাতীয় ঈদগাহে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টি হলে সময় পরিবর্তন করা হবে।
সোমবার (১৬ মার্চ) জাতীয় ঈদগাহ পরিদর্শনকালে তিনি জানান, প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। গরম আবহাওয়ার কথা বিবেচনা করে কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া পর্যাপ্ত ফ্যান ও লাইটের ব্যবস্থা রয়েছে।
মহিলাদের জন্য আলাদা প্রবেশপথ, অজুখানা, ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ আদায় করার সুযোগ থাকায় এটি ঢাকার নাগরিকদের জন্য আনন্দের বিষয় হবে।
আবদুস সালাম আরও বলেন, যারা নামাজে অংশগ্রহণ করবেন, তারা নিরাপত্তা ব্যাহত হয় এমন কোনো সামগ্রী সঙ্গে নিয়ে যাবেন না। জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
