পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে বাংলাদেশ সচিবালয়। ঈদের পর প্রথম কার্যদিবসেই ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন তিনি।
দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও চলমান বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
এরপর তিনি দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। সকাল ১১টায় রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে একটি বিশেষ বৈঠকেও অংশ নেন তিনি।
দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ক কমিটির অগ্রগতি পর্যালোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা এবং পরে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার সূচি রয়েছে।
টানা সাত দিনের ছুটি শেষে আজ থেকে খুলেছে বাংলাদেশ সচিবালয়সহ সব সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। ছুটি শেষে কর্মস্থলে ফিরে কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করছেন।
