মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি বন্ধসহ যে ৫ শর্ত দিল ইরান

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি বন্ধসহ যে ৫ শর্ত দিল ইরান

আন্তর্জাতিক

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতির জন্য পাঁচটি শর্ত দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে দেশটি আনুষ্ঠানিকভাবে এসব দাবি উপস্থাপন করেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান আলোচনায় কঠোর অবস্থান নিয়েছে এবং যুদ্ধ বন্ধে স্পষ্ট শর্ত দিয়েছে। ইরানি কর্মকর্তারা প্রথমত এমন নিশ্চয়তা চান, যাতে ভবিষ্যতে নতুন করে সংঘাত শুরু না হয়।

এছাড়া হরমুজ প্রণালির জন্য নতুন একটি কাঠামো প্রস্তাব করেছে ইরান, যার মাধ্যমে গুরুত্বপূর্ণ এই জলপথে তাদের প্রভাব ও নিয়ন্ত্রণ নিশ্চিত থাকবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার দাবিও জানিয়েছে তেহরান।

যুদ্ধের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণও দাবি করেছে ইরান। পাশাপাশি তাদের বিরুদ্ধে ‘বিদ্বেষপূর্ণ’ প্রচারণায় জড়িত সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। ইরানের দাবি অনুযায়ী, এসব ব্যক্তিকে তাদের কাছে হস্তান্তর অথবা বিচারিক প্রক্রিয়ার আওতায় আনতে হবে।

এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ওয়াশিংটন কিছুদিন ধরেই ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং এখন ইরান এ বিষয়ে আরও গুরুত্ব দিচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে উত্তেজনা বাড়তে থাকে। এর জেরে ইরানও পাল্টা হামলা চালায় এবং প্রতিবেশী আরব দেশগুলোর কিছু এলাকাতেও হামলার ঘটনা ঘটে। বর্তমানে সংঘাত পরিস্থিতি অব্যাহত রয়েছে।