গায়ক নোবেলকে কারাগারে প্রেরণের নির্দেশ

গায়ক নোবেলকে কারাগারে প্রেরণের নির্দেশ

আইন-আদালত

ঢাকার একটি আদালত প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় আপসের শর্ত ভঙ্গ করার অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আদেশটি দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) শুনানির পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান জানান, জামিনে থাকা অবস্থায় নোবেল আদালতে হাজিরা দিয়েছেন, তবে শর্ত ভঙ্গের কারণে আদালতে তার জামিন বাতিল চেয়ে আবেদন করা হয়।

শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। এর আগে গত ২ ফেব্রুয়ারি একই আদালত নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন ২৪ ফেব্রুয়ারি আদালতে হাজির করা হয়। ওইদিন আপসের শর্তে জামিন মঞ্জুর করা হয়েছিল।

মামলার অভিযোগে বলা হয়, নোবেল আনাননিয়া শবনম রোজ নামের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি ওই নারী থেকে প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, অন্য আসামিরা প্রতারণার কাজে নোবেলকে সহযোগিতা করেছেন।

পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। নোবেল বাদে এই মামলার অন্য আসামিরা হলেন তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানা।