ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে মাদক বিক্রির অভিযোগে জুনায়েদ ওরফে জুনা (১৮) নামে এক যুবকের মাথার চুল কেটে প্রতিবাদ করেছে স্থানীয় জনতা। শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে এই ঘটনার ৫৭ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, ভুক্তভোগী জুনায়েদ ভাবুকদিয়া গ্রামের সামাদ মিয়ার ছেলে। ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি কেচি দিয়ে তার মাথার চুল কেটে দিচ্ছেন, আর আশেপাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতা ঘটনাটি দেখছেন। অনেকে মোবাইল ফোনে ভিডিও ধারণও করছেন।
স্থানীয়রা জানান, জুনায়েদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ও ইয়াবা বিক্রির অভিযোগ ছিল। শুক্রবার রাতে কয়েকজন বহিরাগত ব্যক্তি গ্রামের কাছে তার থেকে মাদক ক্রয় করতে আসলে স্থানীয়রা তাকে আটক করেন। এরপর উত্তেজিত জনতা প্রকাশ্যে তার চুল কেটে প্রতিবাদ জানান।
ঘটনার সময় উপস্থিত কয়েকজনের মতে, জুনায়েদ ভুল স্বীকার করে এবং মাদক ব্যবসায় জড়াবেন না বলে আশ্বাস দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। তবে অনেকের মনে হয়েছে, এ ধরনের ঘটনা পুলিশের হাতে হস্তান্তর করলে ভালো হতো।
সালথা থানার ওসি (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক জানান, ‘বিষয়টি আমার জানা নেই, খোঁজ খবর নেওয়া হচ্ছে।’
