দেশে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা টিকা পাবে। আগে টিকা নেওয়া থাকলেও শিশুরা এ ক্যাম্পেইনে অংশ নিতে পারবে।
শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
তিনি জানান, অসুস্থ শিশুদের এই টিকা দেওয়া হবে না। তবে হামে আক্রান্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে সারাদেশে নয়, ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এসব এলাকায় হামের সংক্রমণ বেশি হওয়ায় সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
জানা গেছে, দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় দেশের অন্যান্য এলাকাতেও টিকাদান কার্যক্রম চালু করা হবে।
