ঢাকার সাভারে কোরআন অবমাননার অভিযোগে এক মা ও তার কিশোরী মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ এপ্রিল) রাতে উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোটাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন মোছা. আমেনা মুনসুর (৫০) ও তার মেয়ে জান্নাত আক্তার (১৬)। তারা সাভারের বলিয়াপুর কোটাপাড়া বন্দে এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি আমেনা মুনসুর ও তার মেয়ে তাদের বাড়ির ছাদ থেকে প্রতিবেশী আবির হাসানের বাড়িতে একটি কোরআন শরীফ নিক্ষেপ করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় আবির হাসান সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর রবিবার রাতে মা ও মেয়েকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী।
