প্রথমবার ইউরোপে খেলতে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ কে?

প্রথমবার ইউরোপে খেলতে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ কে?

খেলাধুলা

আন্তর্জাতিক ফুটবলে নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয় দল। প্রথমবারের মতো কোনো ইউরোপীয় জাতীয় দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রতিপক্ষ সান মারিনো।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ৫ জুন সান মারিনোর মাটিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। ম্যাচের বিস্তারিত সূচি ও অন্যান্য বিষয় পরে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।

বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে ১৮১তম স্থানে। প্রতিপক্ষ সান মারিনো ইউরোপীয় দল হলেও র‌্যাঙ্কিংয়ে আরও পিছিয়ে, তাদের অবস্থান ২১১তম। তবুও ম্যাচটি বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।

বাফুফে এই ম্যাচকে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করেছে। কারণ, এটি হবে ইউরোপীয় কোনো দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ এবং একই সঙ্গে ইউরোপের মাটিতে প্রথমবার খেলতে নামবে জাতীয় দল। অন্যদিকে, সান মারিনোর জন্যও এটি নতুন অভিজ্ঞতা—তারা প্রথমবার কোনো এশীয় দলের মুখোমুখি হতে যাচ্ছে।

সংস্থাটির মতে, এই ম্যাচ শুধু ক্রীড়াঙ্গনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং দুই দেশের ফুটবল ফেডারেশনের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।

তবে ম্যাচটিতে বাংলাদেশের ডাগআউটে কে থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। বর্তমান কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে বাফুফের চুক্তি চলতি এপ্রিলেই শেষ হচ্ছে। তার অধীনে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ আশানুরূপ ফল পায়নি। ছয় ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়েছিল দলটি।

অন্যদিকে, ২০২৬ বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে সান মারিনোও হতাশাজনক পারফরম্যান্স করেছে। আট ম্যাচের সবকটিতে হেরে গ্রুপের তলানিতে থেকে বিদায় নেয় তারা।