ইরান যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘পরাজয়’ দাবি রাশিয়ার

ইরান যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘পরাজয়’ দাবি রাশিয়ার

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। আনাদোলু সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

স্পুটনিক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে জাখারোভা বলেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর ‘বিনা উসকানিতে একপাক্ষিক ও আগ্রাসী হামলা’ চালিয়েছে। শুরু থেকেই রাশিয়া এ হামলার বিরোধিতা করে আসছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “আমরা শুরু থেকেই বলেছি, এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। সামরিক হস্তক্ষেপের মাধ্যমে এই পরিস্থিতির কোনো সমাধান সম্ভব নয়।”

এদিকে, ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে বিভিন্ন হুঁশিয়ারিমূলক বক্তব্য দিয়ে আসছেন। কখনো তিনি ইরানের সক্ষমতা হ্রাসের কথা বলেছেন, আবার কখনো শাসন পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।

তবে এসব বক্তব্য বাস্তবে প্রতিফলিত হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্প্রতি ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি ইরানের ওপর বোমা হামলা ও সামরিক অভিযান দুই সপ্তাহের জন্য স্থগিত রাখতে সম্মত হয়েছেন। নির্দিষ্ট কিছু শর্তের ভিত্তিতে ইরানও এ যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে।