মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১৩টি জবাইকৃত এবং একটি জীবিত ঘোড়া উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা হাসান মিয়া জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ ঘোড়া জবাইয়ের খবর শোনা যাচ্ছিল। বুধবার সকালে ঘটনাস্থলে গেলে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ঘরের ভেতরে প্রবেশ করে ১৩টি জবাইকৃত ঘোড়া দেখতে পান তারা। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হয়।
অপর এক প্রত্যক্ষদর্শী নাজমুল হোসেন জানান, প্রতি রবিবার ও বুধবার গভীর রাতে ওই স্থানে গাড়ি আসতে দেখা যেত। সকালে রক্ত ও হাড় পড়ে থাকতে দেখা যেত। পরে জানা যায়, একটি চক্র ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস হিসেবে বিভিন্ন হোটেলে সরবরাহ করত। প্রমাণ নষ্ট করতে তারা চামড়া, হাড় ও নাড়িভুঁড়ি মাটিতে পুঁতে ফেলত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান বলেন, বিষয়টি স্থানীয় জনগণ ও সাংবাদিকদের মাধ্যমে জানা গেছে। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী ঘোড়া জবাইয়ের কোনো অনুমতি নেই। তবে ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব না হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা যায়নি। উদ্ধারকৃত ঘোড়াগুলো প্রাণিসম্পদ বিভাগের প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মাটিতে পুঁতে ফেলা হবে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও এর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
