যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে যা বলল ভারত

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে যা বলল ভারত

আইন-আদালত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ভারত। বুধবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, চলমান এই সংঘাত ইতোমধ্যেই ব্যাপক মানবিক দুর্ভোগ সৃষ্টি করেছে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যব্যবস্থাও এতে ব্যাহত হয়েছে।

বিবৃতিতে ভারত জোর দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা কমাতে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগই একমাত্র কার্যকর পথ। দ্রুত শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালির স্থিতিশীলতা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করা হয়। ভারতসহ বহু দেশ এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে অবাধ নৌ চলাচল ও স্বাভাবিক বাণিজ্য প্রবাহ বজায় রাখার ওপর গুরুত্ব দিচ্ছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের ওপর বোমা হামলা ও সামরিক অভিযান দুই সপ্তাহের জন্য স্থগিত রাখা হবে। নির্দিষ্ট কিছু শর্তে ইরানও এ যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে।