যশোরের ঝিকরগাছায় বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় জিয়াউর রহমান (৫৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার নাভারণ পুরাতন বাজার রেলক্রসিং ও কুন্দিপুর গ্রামে পৃথক অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার অভিযানের বিস্তারিত তুলে ধরেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সকাল থেকে এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী কুন্দিপুর গ্রামের বসতবাড়িতে অভিযান চালিয়ে শয়নকক্ষ থেকে আরও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই অভিযানে ঘরের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ জব্দ করা হয়। এর মধ্যে জুতার র্যাক থেকে ১৬ লাখ টাকা এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৩ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা পাওয়া যায়।
পুলিশের দাবি, উদ্ধারকৃত অর্থ মাদক বিক্রির মাধ্যমে অর্জিত। আটক জিয়াউর রহমান বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে ঝিকরগাছার কুন্দিপুর এলাকায় বসবাস করতেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
