২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৩৫ জনের, হামের উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৩০৭ জনের মধ্যে।
সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়– হাম উপসর্গে রাজধানীতে দুই, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম উপসর্গে দেশে ১ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে মারা গেছে ১০৪ শিশু। এ নিয়ে দেশে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যু ১ হাজার ২০১ জনে পৌঁছেছে।
