ইরানে ব্যাংকিং কার্যক্রম আবার স্বাভাবিক ছন্দে ফিরতে যাচ্ছে। দেশটির ব্যাংক সমন্বয় কাউন্সিল জানিয়েছে, আগামীকাল শনিবার থেকে রাজধানী তেহরানসহ সারা দেশের সব ব্যাংক শাখায় পুরোদমে লেনদেন শুরু হবে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এবং আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, এই সিদ্ধান্তের আওতায় প্রধান কার্যালয়সহ দেশের সব ব্যাংক শাখা অন্তর্ভুক্ত থাকবে।
এদিকে যুদ্ধবিরতির পর আন্তর্জাতিক কূটনৈতিক অগ্রগতির অংশ হিসেবে স্পেন ইরানে তার দূতাবাস পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস জানান, তিনি তেহরানে স্পেনের রাষ্ট্রদূতকে ফিরে গিয়ে কাজে যোগ দিতে নির্দেশ দিয়েছেন এবং দূতাবাস পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে মার্চে যুদ্ধ পরিস্থিতির কারণে দূতাবাসটি বন্ধ করে দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানানো হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আলবারেস বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য হাতে থাকা সব কূটনৈতিক উপায় ব্যবহার করা হবে।
