যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শুরু হয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় লাইভ সংগীত উৎসব ‘কোচেলা ২০২৬’। এবারের আসরের অন্যতম প্রধান আকর্ষণ কানাডার পপ তারকা জাস্টিন বিবার, যিনি দীর্ঘ বিরতির পর আবারও বড় মঞ্চে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, ২০২২ সালে অসুস্থতার কারণে একাধিক কনসার্ট বাতিল করার পর এবারই প্রথম বড় কোনো লাইভ শোতে অংশ নিতে যাচ্ছেন তিনি। সে সময় তিনি র্যামসে হান্ট সিনড্রোমে আক্রান্ত হন, যার কারণে তার মুখের এক পাশ আংশিকভাবে অবশ হয়ে যায়।
দীর্ঘ চিকিৎসা ও বিশ্রামের পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন বিবার। ধারণা করা হচ্ছে, এবারের কোচেলার দ্বিতীয় সপ্তাহের ১৮ এপ্রিলের শোতে তিনি পারফর্ম করতে পারেন।
শারীরিক সমস্যার মধ্যেও সংগীত থেকে দূরে থাকেননি এই তারকা। চার বছরের বিরতির পর ২০২৫ সালের জুলাইয়ে তিনি প্রকাশ করেন তার সপ্তম স্টুডিও অ্যালবাম ‘সোয়্যাগ’, যা পরবর্তীতে ‘সোয়্যাগ টু’ প্রকাশের মাধ্যমে তাকে আবারও সংগীত অঙ্গনে আলোচনায় নিয়ে আসে।
এবারের কোচেলা উৎসবে জাস্টিন বিবারের পাশাপাশি সাবরিনা কার্পেন্টার, ক্যারল জি, মোবি, দ্য স্ট্রোকস এবং ফ্যাটবয় স্লিমসহ একাধিক আন্তর্জাতিক শিল্পী অংশ নিচ্ছেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, উৎসবের সব টিকিট মাত্র তিন দিনের মধ্যেই বিক্রি হয়ে গেছে। এবারের আসরে এক লাখ ২৬ হাজারের বেশি দর্শকের উপস্থিতি আশা করা হচ্ছে, যা কোচেলাকে আবারও বিশ্বের সবচেয়ে বড় সংগীত উৎসবগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
