দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গে ৮ জনের মৃ'ত্যু, বাড়ছে সংক্রমণ

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গে ৮ জনের মৃ’ত্যু, বাড়ছে সংক্রমণ

জাতীয়

দেশজুড়ে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নিহতদের মধ্যে ২ জন নিশ্চিতভাবে হাম আক্রান্ত ছিলেন, বাকি ৬ জন হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা ১৭২ জনে পৌঁছেছে।

এছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৬৫ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৩৫২ জনে দাঁড়িয়েছে।

অন্যদিকে হাম সন্দেহে এ পর্যন্ত ১৩ হাজার ১২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ১০ হাজার ৪৯৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যবেক্ষণ ও চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে। জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।