প্রথম হজ ফ্লাইটে সৌদি আরবে ৪১৯ জন

প্রথম হজ ফ্লাইটে সৌদি আরবে ৪১৯ জন

জাতীয়

বাংলাদেশ থেকে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট সফলভাবে সৌদি আরবে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত বিজি-৩০০১ ফ্লাইটটি শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটে মোট ৪১৯ জন হজযাত্রী ছিলেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জেদ্দা বিমানবন্দরে পৌঁছানোর পর হজযাত্রীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম। এ সময় যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের অপারেশন প্রধান ইহাহিয়া রাদি এবং সৌদি প্রতিষ্ঠান নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউন।

এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন হজযাত্রীরা। তাদের মতে, যাত্রার শুরু থেকে পুরো প্রক্রিয়াটি ছিল সুশৃঙ্খল ও ঝামেলামুক্ত। সৌদি আরবের ইমিগ্রেশন, বোর্ডিং পাসসহ প্রয়োজনীয় সব কার্যক্রম স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন হওয়ায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেন।

চলতি বছর হজযাত্রী পরিবহনে কাজ করছে তিনটি বিমান সংস্থা—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকেও হজ ফ্লাইট পরিচালিত হবে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন।