ভারতে একটি সিনেমার শুটিং চলাকালীন সেট থেকে প্রায় ৫০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬৬ হাজার টাকারও বেশি) চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুরো শুটিং ইউনিটে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সকাল থেকেই নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী রাশি খান্না। ক্যামেরা, আলো এবং কর্মব্যস্ত পরিবেশের মধ্যেই হঠাৎ ঘটে যায় এই অস্বস্তিকর ঘটনা।
অভিযোগ অনুযায়ী, শিল্পীদের জন্য নির্ধারিত ভ্যানিটি ভ্যান এলাকা থেকেই টাকা চুরির চেষ্টা করা হয়। সাধারণত শুটিং সেটে শিল্পীদের বিশ্রাম, মেকআপ ও প্রস্তুতির জন্য এই ভ্যানিটি ভ্যান ব্যবহার করা হয়। রাশির নতুন ছবির সেটেও এমন ব্যবস্থাই ছিল।
জানা গেছে, ভ্যানিটি ভ্যানের দায়িত্বে থাকা কর্মীদের মধ্য থেকেই একজন এই চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে। একটি ব্যাগ থেকে প্রায় ৫০ হাজার রুপি নিয়ে পালানোর সময় তাকে সেটে থাকা দুই সদস্য হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে আটক করা হয়।
ঘটনার পর সেটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তিকে আটক করে সেট থেকে বের করে দেন।
প্রথমে ধারণা করা হয়েছিল, চুরি হওয়া অর্থ অভিনেত্রী রাশি খান্নার। তবে পরে তার টিম জানায়, ওই টাকা রাশির নয়, বরং তার ম্যানেজারের ছিল।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর চলচ্চিত্র অঙ্গনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের ঘটনা শুটিং সেটের পেশাদার পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে।
