সচিব পদমর্যাদায় তিন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিল সরকার

সচিব পদমর্যাদায় তিন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিল সরকার

জাতীয়

সরকার প্রশাসনের গুরুত্বপূর্ণ তিনটি পদে সচিব পদমর্যাদার তিনজন সাবেক কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। শনিবার (১৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ড. মোহাম্মদ জকরিয়া এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। মো. সাফিজ উদ্দিন আহমেদকে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের ওয়াকফ প্রশাসক এবং মো. আব্দুল্লাহ আল বাকীকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী এই নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে এক বছর পর্যন্ত কার্যকর থাকবে।

নিয়োগের শর্ত অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরির পাশাপাশি অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের কর্ম-সম্পর্ক রাখা যাবে না। অন্যান্য শর্তাবলি চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হবে।

প্রশাসন সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনা এবং গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর কার্যক্রম আরও কার্যকর করতে অভিজ্ঞ কর্মকর্তাদের পুনরায় দায়িত্বে আনা হয়েছে।