যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। আলোচনা শুরু হওয়ার আশায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করায় মঙ্গলবার তেলের বাজারে এই পরিবর্তন দেখা যায়।
মঙ্গলবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৯৪ দশমিক ৯৪ ডলারে নেমে এসেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মে মাসের দর ব্যারেলপ্রতি ১ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৮ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে সোমবার সম্ভাব্য আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ৬ শতাংশ বেড়ে যায়। তবে চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হতে পারে—এমন প্রত্যাশা বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।
এদিকে মঙ্গলবার এশিয়ার শেয়ারবাজারেও কিছুটা চাঙ্গাভাব দেখা গেছে। বিনিয়োগকারীরা মনে করছেন, দুই দেশের মধ্যে উত্তেজনা কমলে জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে এবং বৈশ্বিক অর্থনীতির ওপর চাপ কিছুটা কমবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লাগে এবং জ্বালানির তীব্র সংকট দেখা দেয়।
বিশ্লেষকদের মতে, দীর্ঘস্থায়ী এই উত্তেজনা বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারত। তবে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় সেই আশঙ্কা কিছুটা কমেছে।
