বিশ্বজুড়ে বায়ুদূষণ উদ্বেগজনক হারে বাড়ছে। এরই মধ্যে বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার বাতাসের মান সূচক ছিল ১০৯, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতের দিল্লি ২৭৩ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে। এই মাত্রা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার বায়ুর মান সূচক ২০৮। তৃতীয় স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু, স্কোর ১৯০।
এছাড়া চতুর্থ স্থানে থাইল্যান্ডের চিয়াংমাই, পঞ্চম স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ষষ্ঠ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর মান সূচক ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বা ‘দুর্যোগপূর্ণ’ ধরা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, এই মাত্রার দূষিত বাতাস শিশু, বয়স্ক, অন্তঃসত্ত্বা নারী এবং শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, বাইরে গেলে মাস্ক ব্যবহার করা এবং ঘরের ভেতরে বাতাসের মান ভালো রাখার পরামর্শ দিয়েছেন তারা।
