দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ হাজার ১২৫ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা প্রায় ৩৫ দশমিক ১২ বিলিয়ন ডলার।
বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২১ এপ্রিল পর্যন্ত দেশের মোট বা গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ হাজার ১২৫ দশমিক ৯০ মিলিয়ন ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ৪৫৯ দশমিক ০১ মিলিয়ন ডলার।
এর আগে ১৬ এপ্রিল পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ০৩৮ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রিজার্ভ ছিল ৩০ হাজার ৩৬৬ দশমিক ২৪ মিলিয়ন ডলার। ফলে এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
অর্থনীতিবিদদের মতে, প্রবাসী আয় বৃদ্ধি, রপ্তানি আয় বাড়া এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় স্থিতিশীলতা ফেরার কারণে রিজার্ভে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়। এই প্রকৃত রিজার্ভ দেশের বৈদেশিক লেনদেন সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়।
