ঢাকার প্রধান সড়কে পর্যায়ক্রমে অটোরিকশা নিষিদ্ধ হবে: পরিবহনমন্ত্রী

ঢাকার প্রধান সড়কে পর্যায়ক্রমে অটোরিকশা নিষিদ্ধ হবে: পরিবহনমন্ত্রী

ঢাকা দেশ জুড়ে

রাজধানী ঢাকার প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় পর্যায়ক্রমে অটোরিকশা প্রবেশ নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে অটোরিকশা নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, অটোরিকশার দৌরাত্ম্য এখন সর্বত্র, যা জনজীবনে ভোগান্তি তৈরি করছে। এর কারণে ঢাকা শহরের যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, “প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় পর্যায়ক্রমে অটোরিকশা প্রবেশ নিষিদ্ধ করা হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে।”

শেখ রবিউল আলম আরও বলেন, রাজধানীর যানজট ও বিশৃঙ্খলা কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। ঢাকাকে সচল রাখতে হলে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেই হবে।

মন্ত্রী বলেন, “আমরা মনে করি, ঢাকা বাঁচলে দেশ বাঁচবে। তাই রাজধানীর পরিবহন ব্যবস্থাকে সুশৃঙ্খল করা এখন সময়ের দাবি।”

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে যানজট কিছুটা কমবে বলে সংশ্লিষ্টদের ধারণা।