আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তোমরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তোমাদের মধ্যেই আমরা দেখতে পাই নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন।’
সোমবার (২৬ অক্টোবর) সকালে বঙ্গভবন পরিদর্শনে আসা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণসংক্রান্ত নীতিমালা-২০২৬’-এর আওতায় প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শন করেন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদের নেতৃত্বে সপ্তম থেকে নবম শ্রেণির নির্বাচিত শিক্ষার্থী ও শিক্ষকরা এ পরিদর্শনে অংশ নেন।
পরিদর্শনের সময় শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে দরবার হলে রাষ্ট্রপতি তাঁদের উদ্দেশে বক্তব্য দেন এবং ফটোসেশনে অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় ও অনানুষ্ঠানিক আলাপচারিতার সুযোগ পান।
শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বাবা-মা, শিক্ষক ও গুরুজনদের সম্মান করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাবা-মায়ের আত্মত্যাগের কথা স্মরণ রেখে শিক্ষার্থীদের নিজেদের গড়ে তুলতে হবে। সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারলে বাবা-মায়ের স্বপ্ন পূরণের পাশাপাশি জাতির প্রত্যাশাও পূরণ হবে।
রাষ্ট্রপতি বলেন, বঙ্গভবন শুধু একটি ভবন নয়; এটি রাষ্ট্রের প্রতীক ও ইতিহাসের সাক্ষী। ভবিষ্যতে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনে নিয়ে আসা হবে বলেও জানান তিনি। রাষ্ট্র, বঙ্গভবন ও ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষায় দক্ষতা অর্জন এবং নতুন নতুন উদ্ভাবনে এগিয়ে আসতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
