সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার : প্রধানমন্ত্রী

সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার : প্রধানমন্ত্রী

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল এবং দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর।

তিনি বলেন, একটি দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তুলতে প্রশিক্ষণ ও মেধাভিত্তিক উন্নয়নের কোনো বিকল্প নেই। শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে জনবান্ধব প্রশাসন গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য।

বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত অগ্রযাত্রা প্রমাণ করে, বিএনপি সরকার সবসময় দেশ ও জনগণের স্বার্থে দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তুলতে গুরুত্ব দিয়েছে।

তিনি আরও বলেন, আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।