মেসিকে গোল উপহার দিতে রাজি নন বেনিনের গোলরক্ষক

মেসিকে গোল উপহার দিতে রাজি নন বেনিনের গোলরক্ষক

খেলাধুলা

বুয়েনস এইরেসের ম্যাচটি আর্জেন্টিনা ও বেনিনের হলেও আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামছেন ফুটবল কিংবদন্তি। বিদায়ী ম্যাচটি স্মরণীয় করে রাখতে গোল করে দলকে জয় উপহার দিতে চাইবেন মেসি। তবে তাকে গোল করতে সহজে ছাড় দিতে রাজি নন বেনিনের গোলরক্ষক মার্সেল দানজিনু।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে মেসিকে ঠেকানোর বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন ২৮ বছর বয়সী এই গোলরক্ষক। বাংলাদেশ সময় আগামী ৭ অক্টোবর ভোর ৫টায় অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা-বেনিন ম্যাচটি।

মেসিকে গোল থেকে আটকানোর প্রসঙ্গে মার্সেল বলেন, গোলরক্ষক হিসেবে প্রতিপক্ষের শট ঠেকানোই তার দায়িত্ব। ম্যাচের শেষ মুহূর্তে মেসি পেনাল্টি নিলেও তিনি সেটি ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান।

মেসির প্রতি গভীর শ্রদ্ধা থাকলেও তাকে গোল উপহার দেওয়ার কোনো ইচ্ছা নেই মার্সেলের। তিনি বলেন, মেসিকে সম্মান জানাতে এবং তার বিদায়ী ম্যাচ উদযাপন করতে তারা মাঠে থাকবেন। তবে মেসিকে কোনো গোল উপহার দেওয়ার কথা কেউ তাদের বলেনি। মেসি গোল করতে চাইলে নিজের সামর্থ্য দিয়েই তা অর্জন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ম্যাচ শেষে মেসির জার্সি সংগ্রহের ইচ্ছার কথাও জানিয়েছেন বেনিনের গোলরক্ষক। তার ভাষায়, দলের প্রতিটি খেলোয়াড়ই মেসির জার্সি পেতে চান। তাই শুধু একজনের জন্য নয়, দলের প্রত্যেক খেলোয়াড়ের জন্য যদি একটি করে জার্সি পাওয়া যেত, সেটিই সবচেয়ে ভালো হতো।

মেসির বিদায়ী ম্যাচে মাঠে থাকতে পারাকে নিজের জন্য বড় সম্মানের বিষয় হিসেবে দেখছেন মার্সেল। তিনি বলেন, একজন কিংবদন্তির শেষ ম্যাচে, বিশেষ করে মেসির শেষ ম্যাচে মাঠে উপস্থিত থাকার স্মৃতি তার কাছে আজীবন বিশেষ হয়ে থাকবে।