বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে। এই তালিকায় বাংলাদেশও রয়েছে। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি—এমন বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

তবে এই স্থগিতাদেশ পর্যটক, শিক্ষার্থী ও অন্যান্য অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ, ট্যুরিস্ট ও স্টুডেন্ট ভিসা কার্যক্রম স্বাভাবিক থাকবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথি অনুযায়ী, যেসব আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হতে পারেন, তাদের যাচাই-বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিবাসী ভিসা প্রদানের কার্যক্রম স্থগিত থাকবে।

জানা গেছে, গত ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

অভিবাসী ভিসা স্থগিত হওয়া দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত মহাসাগরীয় ও আফ্রিকার কয়েকটি দেশসহ এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন রাষ্ট্র।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনায় থাকা বাংলাদেশি আবেদনকারীরা সাময়িক অনিশ্চয়তার মুখে পড়তে পারেন। তবে শিক্ষার্থী ও পর্যটক ভিসা চালু থাকায় সামগ্রিক ভিসা কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়বে না।