ঢাকার ১১ ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি নিতে বাধ্যতামূলক ফুয়েল পাস

ঢাকার ১১ ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি নিতে বাধ্যতামূলক ফুয়েল পাস

ঢাকা দেশ জুড়ে

রাজধানীর ১১টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি নিতে ফুয়েল পাস বাধ্যতামূলক করেছে সরকার। আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে এসব স্টেশনে ফুয়েল পাস ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল দেওয়া হবে না বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মোটরসাইকেল চালকদের নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করে কিউআর কোডভিত্তিক ফুয়েল পাস সংগ্রহ করতে হবে। ফিলিং স্টেশনে সেই কিউআর কোড স্ক্যান করেই জ্বালানি তেল সরবরাহ করা হবে।

প্রাথমিকভাবে রাজধানীর ১১টি ফিলিং স্টেশনে এই ব্যবস্থা চালু করা হচ্ছে। এর মধ্যে রয়েছে করিম অ্যান্ড সন্স (শাপলা চত্বর), ইউরেকা এন্টারপ্রাইজ (মহাখালী), মাসুদ হাসান ফিলিং স্টেশন (উত্তরা), সততা অ্যান্ড কোম্পানি (তেজগাঁও), দিগন্ত ফিলিং স্টেশন (মিরপুর), কামাল ট্রেডিং এজেন্সি (তেজগাঁও), এস.পি ফিলিং স্টেশন (গাবতলী), সিটি ফিলিং স্টেশন (তেজগাঁও), সেবা গ্রিন ফিলিং স্টেশন (উত্তরা), স্যাম অ্যাসোসিয়েটস (মিরপুর-২) এবং সুমাত্রা ফিলিং স্টেশন (কালশী রোড)।

মন্ত্রণালয় জানায়, আইফোন ব্যবহারকারীরা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে কিউআর কোড জেনারেট করতে পারবেন। পরে সেটির স্ক্রিনশট ফোনে সংরক্ষণ অথবা প্রিন্ট কপি সঙ্গে রাখা যাবে। একইভাবে যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই, তারাও ওয়েবসাইট থেকে নিবন্ধন করে কিউআর কোড প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন।

এছাড়া ব্যক্তিগত গাড়ির নিবন্ধনের জন্য ‘ঘ’ সিরিজ উন্মুক্ত করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ‘ঘ’ সিরিজের সব গাড়িকে ফুয়েল পাসে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে, অন্য সিরিজের গাড়ির নিবন্ধনও ধাপে ধাপে চালু করা হবে।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি সরবরাহে স্বচ্ছতা ও ডিজিটাল ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।