নেইমারের চোট নিয়ে নতুন তথ্য জানালেন আনচেলত্তি

নেইমারের চোট নিয়ে নতুন তথ্য জানালেন আনচেলত্তি

খেলাধুলা

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েকদিন বাকি। ঠিক এমন মহূর্তে ব্রাজিল শিবিরে বড় ধরনের উদ্বেগ বাড়াচ্ছে পোস্টার বয় নেইমারের চোট। তার ডান পায়ের কাফ ইনজুরির সবশেষ অবস্থা জানতে আগামী সোমবার এমআরআই (MRI) স্ক্যান করানো হবে বলে জানিয়েছেন সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “নেইমারের পরিস্থিতি এখন পরিষ্কার।

সে নিজে আলাদাভাবে পুনর্বাসনের খুব ভালো কাজ করছে। সপ্তাহান্তের পর তার এমআরআই করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আশা করছি আগামী সপ্তাহে সে দলের সঙ্গে মূল অনুশীলনে যোগ দিতে পারবে।”

মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেই নেইমার ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্তমানে দ্বিতীয়-গ্রেডের পেশির চোটে ভুগছেন। এই চোটের কারণে তিনি বেশ কিছুদিন ধরে দলের সঙ্গে স্বাভাবিক অনুশীলন করতে পারছেন না। শনিবার মিশরের বিপক্ষে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচেও তিনি দলের সঙ্গে ক্লিভল্যান্ডে যাননি। বরং নিউ জার্সিতে দলের বেস ক্যাম্পে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।

সান্তোসের হয়ে খেলার সময় চোট গত ১৭ মে ক্লাব দল সান্তোসের হয়ে খেলার সময় চোট পান নেইমার। এর একদিন পরই বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করেন কোচ আনচেলত্তি। প্রথমে সান্তোসের পক্ষ থেকে জানানো হয়েছিল তার কাফে সামান্য ফোলাভাব রয়েছে।

তবে গত ২৮ মে ব্রাজিল দলের মেডিকেল পরীক্ষার পর সেখানে পেশির গুরুতর সমস্যা ধরা পড়ে, যা পুরোপুরি সারতে অন্তত দুই সপ্তাহ সময় প্রয়োজন।

চোটের সঙ্গে নেইমারের দীর্ঘ লড়াই ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৭৯টি গোল করেছেন এবং তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছেন। তবে ২০২৩ সালের অক্টোবরে এসিএল (ACL) ইনজুরিতে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি জাতীয় দলের হয়ে আর মাঠে নামতে পারেননি। এরপর থেকে একের পর এক চোট তার আন্তর্জাতিক ক্যারিয়ারকে বারবার বাধাগ্রস্ত করেছে।

১৩ জুন ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু আগামী ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ সালের বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপ ‘ই’ তে সেলেসাওদের অপর দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। এখন দেখার বিষয়, প্রথম ম্যাচের আগে নেইমার পুরোপুরি ফিট হয়ে মাঠে নামতে পারেন কি না।