শ্রীলঙ্কার কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে ১১০ কেজি গাঁজা উদ্ধারসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেফতার করেছে দেশটির কাস্টমস বিভাগ। শনিবার (২৫ এপ্রিল) থাইল্যান্ড থেকে একটি ফ্লাইটে কলম্বো পৌঁছানোর পর তাদের লাগেজ তল্লাশি করে এই মাদক উদ্ধার করা হয়।
কর্তৃপক্ষ জানায়, প্রতিটি ভিক্ষুর কাছ থেকে প্রায় ৫ কেজি করে গাঁজা পাওয়া গেছে। মাদকগুলো লাগেজের ভেতরে তৈরি করা গোপন অংশে লুকানো ছিল।
গ্রেফতার হওয়া ভিক্ষুরা বিভিন্ন বৌদ্ধ মঠের ছাত্র ছিলেন। অজ্ঞাত এক দাতার অর্থায়নে তারা চার দিনের থাইল্যান্ড সফরে গিয়েছিলেন। তবে এই সফরের আয়োজক হিসেবে অভিযুক্ত আরও একজন ভিক্ষুকে পরে কলম্বোর একটি উপশহর থেকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের ধারণা, ওই ভিক্ষুই পুরো সফরের পরিকল্পনা করেছিলেন। তদন্তে জানা গেছে, তিনি অন্যদের বলেছিলেন যে লাগেজে থাকা প্যাকেটগুলো দান হিসেবে পাঠানো হয়েছে এবং বিমানবন্দর থেকে একটি ভ্যান এসে সেগুলো সংগ্রহ করবে।
শ্রীলঙ্কা পুলিশের মাদকদ্রব্য দমন ব্যুরো কয়েকজন ভিক্ষুর মোবাইল ফোন থেকে ছবি ও ভিডিও উদ্ধার করেছে, যেখানে তাদের থাইল্যান্ডে সাধারণ পোশাকে অবকাশযাপন করতে দেখা যায়।
তবে পুলিশ জানিয়েছে, আটক ভিক্ষুরা হয়তো জানতেন না যে তাদের লাগেজে মাদক লুকানো ছিল। উদ্ধার হওয়া গাঁজা স্কুল সরঞ্জাম ও মিষ্টির প্যাকেটের ভেতরে গোপনে রাখা হয়েছিল।
কর্তৃপক্ষ বলছে, শ্রীলঙ্কার বিমানবন্দর দিয়ে মাদক পাচারের অভিযোগে কোনো বৌদ্ধ ভিক্ষু দলের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও গ্রেফতারের ঘটনা এই প্রথম।
