শিগগিরই দেশে গ্যাস সংকট কেটে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, গ্যাসের চাহিদা পূরণে সরকার শুধু বিদেশের ওপর নির্ভরশীল থাকবে না, বরং দেশের অভ্যন্তরীণ সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় তিতাস-২৮ নম্বর কূপের গ্যাস উৎপাদন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন সক্ষমতা বাড়ানোর কাজ চলছে। ২০৩০ সালের মধ্যে ১৫০টি গ্যাসকূপ খননের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। এর মাধ্যমে দেশে গ্যাসের উৎপাদন বাড়ানো এবং আমদানিনির্ভরতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে। একই সঙ্গে নতুন গ্যাসকূপ অনুসন্ধান ও খননের মাধ্যমে ভবিষ্যতের চাহিদা পূরণের সক্ষমতা তৈরি করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহমুদ শ্যামল এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. জিয়াউল হক।
এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল আলম, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামাণিকসহ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পেট্রোবাংলা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
