দেশে বর্তমানে জঙ্গি তৎপরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে ‘জঙ্গি তৎপরতা’ শব্দটি ব্যবহার করা হলেও বর্তমান পরিস্থিতিতে দেশে এ ধরনের কার্যক্রমের অস্তিত্ব নেই।
মঙ্গলবার (২৮ এপ্রিল) আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কিছু উগ্রপন্থি গোষ্ঠী এবং মৌলবাদী রাজনৈতিক দল সক্রিয় থাকলেও বাংলাদেশের সাংস্কৃতিক প্রেক্ষাপটে বর্তমানে জঙ্গিবাদের কোনো প্রচলন নেই।
সম্প্রতি নিরাপত্তা সংক্রান্ত একটি চিঠির বিষয়ে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের কোনো চিঠি দেওয়া হয়নি। তবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে সবসময় বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়।
তিনি আরও বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআইগুলো সবসময় বিশেষ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হয়। এসব স্থাপনায় স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিউর (এসওপি) অনুযায়ী বিভিন্ন বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়। অতীতের মতো বর্তমানে এবং ভবিষ্যতেও এই নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থানকে স্পষ্ট করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
