জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। তৃতীয় দফায় ১১ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে নতুন করে চার দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
রাষ্ট্রপক্ষ জানায়, আসামিকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা মামলার তদন্তে সহায়ক হচ্ছে। তাই আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে দাবি করা হয়।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষের বিরোধিতার পর আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় আন্দোলনের সময় গুলিবর্ষণে দেলোয়ার হোসেন গুরুতর আহত হন এবং পরে ২১ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই নিহতের স্ত্রী লিজা মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলমান রয়েছে।
