ইমরান খানের বোন আলিমা খান গ্রেপ্তার

ইমরান খানের বোন আলিমা খান গ্রেপ্তার

আন্তর্জাতিক

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরের বাসা থেকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পাঞ্জাব শাখার এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

লাহোরের জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিমা খানকে গ্রেপ্তারের পর ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে প্রশাসন দাবি করেছে, জনসমাগমস্থলে তার উপস্থিতি জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে।

ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। দলটির নেতারা জানিয়েছেন, এ কর্মসূচিতে দেশজুড়ে সমর্থকদের অংশগ্রহণের প্রস্তুতি চলছে।

এর আগে শনিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেন, বিক্ষোভ মিছিল ঠেকাতে সরকার সম্ভব সবকিছু করবে।

আলিমা খানের গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি ঘটনাটিকে ‘চরম নিন্দনীয়’ বলে মন্তব্য করেছেন। তার ভাষ্য, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছে, আলিমা খানের গ্রেপ্তার তারই প্রতিফলন।