মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে আবারও কঠোর বার্তা দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, তেহরান “খারাপ আচরণ” করলে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক হামলা চালাতে পারে।
শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইরানের পক্ষ থেকে একটি সম্ভাব্য চুক্তির প্রস্তাব তার কাছে পৌঁছানোর কথা জানানো হয়েছে, তবে তিনি এখনো চূড়ান্ত খসড়া হাতে পাননি।
একই দিনে সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের পাঠানো সর্বশেষ প্রস্তাবটি শিগগিরই পর্যালোচনা করবেন। তবে এর গ্রহণযোগ্যতা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন।
পোস্টে ট্রাম্প লেখেন, “ইরান যে পরিকল্পনা পাঠিয়েছে, তা আমি দেখব। কিন্তু গত ৪৭ বছরে বিশ্ব ও মানবতার সঙ্গে তাদের আচরণের পর এটি গ্রহণযোগ্য হবে—এমনটা কল্পনা করা কঠিন।”
এর আগে গত বৃহস্পতিবার ইরান যুক্তরাষ্ট্রকে ১৪ দফার একটি নতুন প্রস্তাব দেয়। মার্কিন সংবাদমাধ্যম Axios-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রস্তাবে নৌ-অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং ইরান-লেবাননে চলমান সংঘাত নিরসনের জন্য এক মাস সময় চাওয়া হয়েছে।
প্রস্তাবে আরও উল্লেখ করা হয়, চুক্তি বাস্তবায়নের পরই পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সময় বাড়ানো হতে পারে। এছাড়া ভবিষ্যতে ইরানে সামরিক হামলা না চালানোর নিশ্চয়তা, জব্দকৃত সম্পদ ফেরত এবং মার্কিন সেনা প্রত্যাহারের দাবিও জানিয়েছে তেহরান।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হলেও ইরান সেটি প্রত্যাখ্যান করে এক মাসে সমাধানের সময়সীমা নির্ধারণের দাবি জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের পাল্টাপাল্টি প্রস্তাব ও কঠোর অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
