তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের প্রাথমিক ভোট গণনার শুরুতেই চমক সৃষ্টি করেছেন অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, তামিলনাড়ুতে তামিলাগা ভেত্রি কাঝাগম (টিভিকে) প্রাথমিকভাবে এগিয়ে রয়েছে এবং ক্ষমতাসীন দ্রাবিড় মুন্নেত্র কাঝাগম (ডিএমকে)-কে পেছনে ফেলেছে।
এই নির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। একদিকে ক্ষমতাসীন ডিএমকে, অন্যদিকে বিজেপি–এআইএডিএমকে জোট এবং নতুন রাজনৈতিক শক্তি টিভিকে। অভিনেতা বিজয় পেরাম্বুর আসনে এগিয়ে থাকলেও তিরুচিরাপল্লী ইস্ট আসনে এখনও পিছিয়ে আছেন। বিভিন্ন কেন্দ্রে দেখা যাচ্ছে, টিভিকে কিছু জায়গায় এআইএডিএমকে-কে তৃতীয় অবস্থানে ঠেলে দিয়েছে, যদিও সামগ্রিকভাবে অনেক কেন্দ্রে ডিএমকে এখনও এগিয়ে রয়েছে।
তামিলনাড়ুর রাজনীতিতে চলচ্চিত্র তারকাদের প্রভাব নতুন নয়। এমজিআর ও জে জয়ললিতার মতো ব্যক্তিত্বের পর বিজয়ের উত্থানকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে “এমজিআর ফ্যাক্টর”। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধারা ধরে রাখতে পারলে তিনি রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারেন।
ভোট গণনা শুরু হয়েছে পোস্টাল ব্যালট দিয়ে সকাল ৮টায় এবং সকাল ৮টা ৩০ মিনিট থেকে ইভিএমের ফল গণনা শুরু হয়। নির্বাচন কমিশনের প্ল্যাটফর্মে ফলাফল আপডেট করা হচ্ছে। তবে এসব এখনো প্রাথমিক ট্রেন্ড, চূড়ান্ত ফলাফলে আগামী কয়েক ঘণ্টায় বড় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
