বাংলাদেশে নিয়মিত টিকাদান কর্মসূচির জন্য হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ মোট ১০ ধরনের টিকার নতুন চালান দেশে পৌঁছেছে। বুধবার (৬ মে) বেলা পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই টিকার চালান আসে। সেখানে উপস্থিত থেকে টিকা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
চালানে হাম-রুবেলা ও ওরাল পোলিও টিকার পাশাপাশি বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি ও টাইফয়েড টিকাও রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সাম্প্রতিক সময়ে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে এই টিকা আনা হয়েছে।
চলমান ক্যাম্পেইনের কারণে নিয়মিত টিকার স্টকে কিছুটা সংকট তৈরি হয়েছিল বলেও জানানো হয়। চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, এবার ১৫ লাখ ডোজ হাম টিকা দেশে এসেছে। তিনি বলেন, আগামী ১০ মে’র মধ্যে হামসহ ১০ ধরনের মোট ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছাবে।
তিনি আরও বলেন, মাত্র ২৪ দিনের মধ্যে এই টিকা দেশে আনা সম্ভব হয়েছে, যা একটি বড় অর্জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন টিকা সরবরাহের মাধ্যমে টিকাদান কার্যক্রম আরও গতিশীল হবে এবং দেশে শিশুদের টিকা সুরক্ষা আরও শক্তিশালী হবে।
