ভারত থেকে তিনটি ট্রাকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য বাংলাদেশে আমদানি করা হয়েছে। কাস্টমস কার্যক্রম শেষ হওয়ার পর কঠোর নিরাপত্তার মধ্যে চালানটি বেনাপোল স্থলবন্দরে সংরক্ষণ করা হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে বিস্ফোরকবাহী ট্রাকগুলো বেনাপোল বন্দরে প্রবেশ করে। বন্দর কর্তৃপক্ষ জানায়, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য প্রথম ধাপে ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ এবং ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড আমদানি করা হয়েছে।
ভারতের বেঙ্গালুরুভিত্তিক প্রতিষ্ঠান কেলটেক এনার্জিস লিমিটেড থেকে এসব বিস্ফোরক তিনটি ট্রাকে করে বেনাপোল স্থলবন্দরে আনা হয়।
বিস্ফোরক দ্রব্য হওয়ায় চালানটির ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর তা বন্দরের নির্ধারিত নিরাপদ শেডে রাখা হয়েছে। আগামী শুক্রবার (৮ মে) পুলিশি প্রহরায় এসব বিস্ফোরক দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের এক্সপ্লোসিভ ম্যাগাজিনে পাঠানো হবে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, চালানটি সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। কাস্টমসসহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পুলিশি নিরাপত্তার মধ্যেই এসব বিস্ফোরক গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।
